যশোর রেলস্টেশন থেকে প্রায় এক লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ শাড়ি ও প্রসাধনী সামগ্রী উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। এ ঘটনায় চোরাচালানের অভিযোগে তিন নারীকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন— খুলনার খালিশপুর উপজেলার নয়াবাটি বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকার উজ্জলের বাড়ির ভাড়াটিয়া জাফর আলীর স্ত্রী সাহিদা খাতুন (৫৫), খুলনা পুরাতন রেলস্টেশন এলাকার মৃত ইবাদ আলীর মেয়ে হাসিনা খাতুন (৪৫) এবং যশোর শহরের খড়কি এলাকার আব্দুল মালেকের স্ত্রী সেলিনা বেগম (৪৫)।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১টার দিকে ওই তিন নারী ভারতীয় অবৈধ পণ্য নিয়ে যশোর রেলস্টেশনের স্টেশন মাস্টারের কার্যালয়ের সামনে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ লিটন মিয়ার নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে নারীরা তাদের সঙ্গে থাকা ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকেই তাদের আটক করা হয়। পরে ব্যাগ তল্লাশি করে ৫৫টি ভারতীয় শাড়ি ও ৭৩টি পন্ডস ক্রিম উদ্ধার করা হয়।
জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৯৫ হাজার ৫৫০ টাকা।
এ ঘটনায় অভিযানকারী দলের সদস্য এটিএসআই সুধাংশু বিশ্বাস বাদী হয়ে খুলনা রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। আটক তিন নারীকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

No comments:
Post a Comment