যশোরে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের বিশেষ অভিযানে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত দুই যুবককে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
বুধবার (১৫ জুলাই ২০২৬) রাত ১১টা ৪৫ মিনিটের দিকে যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন আরবপুর ইউনিয়নের ধর্মতলা বাসস্ট্যান্ড এলাকার পশ্চিম পাশে এ অভিযান পরিচালনা করা হয়। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, যশোরের এসআই (নিঃ) মো. জয়নুল আবেদীনের নেতৃত্বে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।
পুলিশ জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বাংলাদেশ সরকার কর্তৃক অবৈধ ঘোষিত বিভিন্ন অনলাইন বেটিং সাইট যেমন—coin30.live, bet365, 1xbet, MCW Casino, Gold1x, BDWorld.Liveসহ একাধিক প্ল্যাটফর্মের মাধ্যমে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে অর্থ লেনদেন ও ই-ট্রানজেকশনের মাধ্যমে অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনা করছিল।
অভিযানের সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ৪-৫ জন পালানোর চেষ্টা করলে পুলিশ দুইজনকে আটক করতে সক্ষম হয়। আটকরা হলেন—মো. ইমদাদুল হক জিসান (২৪) এবং মো. তৌহিদুজ্জামান রাসেল (২৪)। তাদের উভয়ের বাড়ি যশোর জেলার শার্শা থানার পাকশিয়া এলাকায়।
আটকদের দেহ তল্লাশি করে তিনটি স্মার্টফোন উদ্ধার করা হয়, যেগুলোতে অনলাইন জুয়া পরিচালনার বিভিন্ন তথ্য-প্রমাণ পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) আটক দুইজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অনলাইন জুয়া ও সাইবার অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

No comments:
Post a Comment