যশোরে ছিনতাইকারী ও কিশোর গ্যাং দমনে কলসেন্টার চালুর সিদ্ধান্ত - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

adstera

Monday, July 13, 2026

যশোরে ছিনতাইকারী ও কিশোর গ্যাং দমনে কলসেন্টার চালুর সিদ্ধান্ত




যশোরে ছিনতাইকারী ও কিশোর গ্যাংয়ের তৎপরতা দমনে জেলা প্রশাসনের উদ্যোগে একটি বিশেষ কলসেন্টার চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলসেন্টারে ফোনের মাধ্যমে অভিযোগ জানানো হলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জলাবদ্ধতা, জননিরাপত্তা, মাদক ও সন্ত্রাস দমনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

সভায় জেলা প্রশাসক বলেন, ছিনতাই, কিশোর গ্যাং এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে জনসচেতনতার পাশাপাশি দ্রুত অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক পদক্ষেপ নিশ্চিত করতে কলসেন্টার চালু করা হবে। খুব শিগগিরই কলসেন্টারের নম্বর প্রকাশ করা হবে।

এ সময় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানানো হয়। একই সঙ্গে বাজারে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, সরকারি অফিসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান আরও জোরালো করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় জানানো হয়, সাম্প্রতিক জলাবদ্ধতার কারণে বিভিন্ন এলাকায় সাপের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। এ পরিস্থিতিতে সাপে কাটা রোগীদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুদ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা আশা প্রকাশ করেন, এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে যশোরে জননিরাপত্তা আরও জোরদার হবে এবং অপরাধ দমনে ইতিবাচক পরিবর্তন আসবে।

No comments:

Post a Comment

Post Bottom Ad