বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ববিতা নিজ গ্রামের মানুষের জন্য একটি স্থায়ী কল্যাণকর উদ্যোগ হিসেবে যশোরে নিজের পৈতৃক ভিটায় একটি মসজিদ নির্মাণের পরিকল্পনা করেছেন।
সম্প্রতি যশোরের বিজয়নগরে অবস্থিত তাদের দাদাবাড়ি পরিদর্শনে গিয়ে মসজিদ নির্মাণের জন্য উপযুক্ত জমি চূড়ান্ত করেছেন বলে জানিয়েছেন এই জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী।
ববিতা গণমাধ্যমকে জানান, দীর্ঘদিন ধরেই তিনি গ্রামের মানুষের জন্য একটি সুন্দর মসজিদ নির্মাণের স্বপ্ন দেখছিলেন। জীবনের শেষ প্রান্তে এসে মানুষের উপকারে স্মরণীয় কিছু করে যেতে চান—এই ভাবনা থেকেই তার এ উদ্যোগ।
তিনি আরও বলেন, পৈতৃক ভিটায় মসজিদ নির্মাণের জন্য জমি নির্ধারণ করতে পেরে তার মনে এক ধরনের শান্তি কাজ করছে এবং এটি তার জীবনের অন্যতম বড় স্বপ্নগুলোর একটি।
জানা গেছে, বড় বোন সুচন্দা ও ছোট বোন চম্পাকে সঙ্গে নিয়ে সাম্প্রতিক সফরে গিয়ে তিনি জায়গাটি চূড়ান্ত করেন। শৈশবের স্মৃতিবিজড়িত এই জায়গাতেই ভবিষ্যতে একটি দৃষ্টিনন্দন মসজিদ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে তার।
এই উদ্যোগ বাস্তবায়িত হলে স্থানীয় মুসল্লিদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইবাদতস্থল সৃষ্টি হবে বলে মনে করছেন এলাকাবাসী।
No comments:
Post a Comment