যশোরের আইটি পার্কের পাশে অবস্থিত চয়নিকা পেট্রোলিয়াম অয়েল পাম্পে গত কয়েকদিন ধরে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। সাধারণ যাত্রীদের দাবি, বিগত দুই দিন ধরে তাদের তেল দেওয়া হচ্ছে না, অথচ নির্দিষ্ট কিছু গাড়িকে গোপনে তেল সরবরাহ করা হচ্ছে।
অভিযোগ অনুযায়ী, সরকারি গাড়িতে তেল সরবরাহ স্বাভাবিক থাকলেও রাত হলেই পাম্পের লাইট বন্ধ করে বিশেষ ব্যবস্থায় কিছু ব্যক্তির গাড়িতে তেল দেওয়া হচ্ছে। এমনকি বোতলে ভরে অতিরিক্ত তেল সরবরাহের ঘটনাও ঘটছে বলে জানা গেছে।
একজন ভুক্তভোগী জানান, তিনি আজ সন্ধ্যা ৭টা থেকে পাম্পে অবস্থান করছিলেন। পাম্প কর্তৃপক্ষ তখন জানায়, তাদের কাছে তেল নেই এবং মেশিন বন্ধ রাখা হয়েছে। কিন্তু রাত সাড়ে ৭টার দিকে একটি প্রাইভেটকার আসলে ফোনে নির্দেশ পেয়ে পাম্পের কর্মীরা লাইট বন্ধ করে মেশিন চালু করে ওই গাড়িতে ১০ লিটার অকটেন সরবরাহ করেন। পাশাপাশি ব্যাগভর্তি বোতলেও তেল দেওয়া হয়। এরপর পুনরায় মেশিন বন্ধ করে দেওয়া হয়।
এসময় উপস্থিত সাধারণ মোটরসাইকেল আরোহীরা লাইনে দাঁড়িয়ে থাকলেও তাদের কাউকেই তেল দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়দের দাবি, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক, যাতে সাধারণ মানুষ হয়রানির শিকার না হন।

No comments:
Post a Comment