জ্বালানি তেলের সংকট মোকাবিলায় যশোরের ঝিকরগাছা উপজেলায় চাকরিজীবী, শিক্ষক ও সাংবাদিকদের অগ্রাধিকার ভিত্তিতে তেল সরবরাহের নির্দেশনা দিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার (৮ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রনী খাতুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়। জরুরি সেবা ও পেশাগত কার্যক্রম সচল রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে তেলের সরবরাহ সংকট ও চাহিদা বৃদ্ধির ফলে ঝিকরগাছার বিভিন্ন এলাকায় ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন ও ভোগান্তি সৃষ্টি হয়েছে। এতে অফিসগামী কর্মচারী, শিক্ষক এবং মাঠপর্যায়ের সাংবাদিকদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ প্রেক্ষাপটে নির্দিষ্ট কিছু পেশাজীবীর জন্য অগ্রাধিকার ভিত্তিতে তেল সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক পরিস্থিতির প্রভাবে সারাদেশের মতো ঝিকরগাছা উপজেলাতেও জ্বালানি তেলের সংকট চলছে। প্রতিকূলতার মধ্যেও ফিলিং স্টেশনগুলো তেল সরবরাহ অব্যাহত রাখায় মালিক ও কর্মচারীদের ধন্যবাদ জানিয়েছে উপজেলা প্রশাসন।
এতে আরও উল্লেখ করা হয়, পাম্পে তেলের মজুদ থাকা সাপেক্ষে জরুরি সেবায় নিয়োজিত চিকিৎসক, পুলিশ সদস্য, চাকরিজীবী, শিক্ষক ও সাংবাদিকদের জন্য পৃথক লাইন চালু করা অথবা পরিচয়পত্র প্রদর্শনের ভিত্তিতে অগ্রাধিকার দিয়ে তেল সরবরাহ করতে হবে। পাশাপাশি এ নির্দেশনা ফিলিং স্টেশনের দৃশ্যমান স্থানে প্রদর্শনের জন্য বলা হয়েছে।
ইউএনও রনী খাতুন জানান, সংশ্লিষ্ট ব্যক্তিরা বৈধ পরিচয়পত্র দেখিয়ে অগ্রাধিকার ভিত্তিতে তেল সংগ্রহ করতে পারবেন। একই সঙ্গে তেলের অপচয় রোধ, অপ্রয়োজনীয় মজুদ না করা এবং ন্যায্যমূল্যে বিক্রি নিশ্চিত করতে পাম্প মালিকদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে।

No comments:
Post a Comment