যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ মো. মারুফ হোসেন (২৭) নামে এক চিহ্নিত সন্ত্রাসীকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে ৯টার দিকে যশোর সদর উপজেলার কোতোয়ালি মডেল থানাধীন মধুগ্রাম এলাকায় তার নিজ বসতবাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটক মারুফ হোসেন মধুগ্রাম এলাকার বাসিন্দা এবং হারুন অর রশিদের ছেলে।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, সিপিসি-৩ যশোরের একটি আভিযানিক দল জানতে পারে যে মারুফ হোসেন তার বাড়িতে অবৈধ আগ্নেয়াস্ত্র সংরক্ষণ করে রেখেছে এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাব দ্রুত অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সাক্ষীদের উপস্থিতিতে তার হেফাজত থেকে একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়।
র্যাব আরও জানায়, আটক মারুফ হোসেন একজন পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে যশোরসহ বিভিন্ন থানায় একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা, ভয়ভীতি প্রদর্শনসহ নানা অভিযোগে তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।
এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র কোথা থেকে সংগ্রহ করা হয়েছে এবং এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না—তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে র্যাব।

No comments:
Post a Comment